Abhishek Banerjee Hits Back at BJP, Calls It Anti-Bengal After Police Questioning; Explains His 'Gujarati Gang' Remark.
Bong 24 ডেস্ক: ভবানীপুর থানায় প্রায় সাড়ে চার ঘণ্টার পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে ফের বিজেপিকে বাংলা বিরোধী বলে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত ২ মে সমাজমাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে করা একটি পোস্টকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার তদন্তে শনিবার ভবানীপুর থানায় হাজির হন অভিষেক। কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা তাঁকে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন।
অভিযোগ, ওই পোস্টে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাং’ এবং মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে করা মন্তব্যে গুজরাটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে।
থানা থেকে বেরিয়ে অভিষেক জানান, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। পুলিশ যে সমস্ত প্রশ্ন করেছে, তার উত্তরও দিয়েছেন। কেন তিনি ‘গুজরাতি গ্যাং’ শব্দটি ব্যবহার করেছিলেন, তদন্তকারী আধিকারিকদের কাছে তার ব্যাখ্যাও দিয়েছেন বলে জানান তিনি।
এরপরই বিজেপির বিরুদ্ধে ফের সরব হন অভিষেক। তাঁর অভিযোগ, বিজেপি নেতাদের মিছিল থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা ঘটেছিল। বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতিকে বারবার অপমান করা হয়েছে। এমনকী কেন্দ্রীয় সরকারও বিভিন্ন প্রকল্পে বাংলাকে আর্থিক বরাদ্দ থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন তিনি।
সব মিলিয়ে, পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে অভিষেকের এই মন্তব্যকে ঘিরে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি।

COMMENTS