নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে আরও শক্তিশালী, আধুনিক ও জনমুখী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন মু...
সম্প্রতি নবান্নে আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ‘ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ (BPR&D)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরিত হয়। রাজ্যের পুলিশি পরিকাঠামোর আধুনিকীকরণ এবং বিট পুলিশিং ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সিভিক ভলান্টিয়ার নির্ভরতা হ্রাস ও মূল দায়িত্ব প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং স্থানীয় নজরদারির মতো প্রশাসনিক দায়িত্ব পালনে মূল ভূমিকা নিতে হবে নিয়মিত পুলিশকর্মী ও আধিকারিকদেরই। সিভিক ভলান্টিয়ারদের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে পুলিশের নিজস্ব সাংগঠনিক দক্ষতা ও কর্মক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে।
রাজ্যজুড়ে প্রযুক্তি , বিট পুলিশিং ব্যবস্থাকে সক্রিয় করতে প্রায় ৩৮ হাজার গ্রামের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের ট্যাবলেট, ল্যাপটপ, প্রিন্টার এবং ডেডিকেটেড মোবাইল ফোনের মতো আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম দেওয়ার নির্দেশ হয়েছে । নিয়মিত টহলদারি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠকের তথ্য নথিভুক্ত করার পাশাপাশি জনসংযোগমূলক কথোপকথনের ভিডিও রেকর্ড সংরক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে প্রতি এক লক্ষ জনসংখ্যায় পুলিশকর্মীর সংখ্যা ১০৫, যেখানে জাতীয় গড় ১৫৫। এই ঘাটতি মোকাবিলায় নিয়োগের পাশাপাশি কর্মপদ্ধতির আধুনিকীকরণ জরুরি বলে মনে করা হচ্ছে।
এদিনের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘পুলিশ মিত্র’ মোবাইল অ্যাপের উদ্বোধন। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের এলাকার বিট পুলিশ আধিকারিকের পরিচয় ও যোগাযোগের তথ্য সহজেই জানতে পারবেন। ফলে স্থানীয় সমস্যা বা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগের পথ আরও সুগম হবে এবং পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে।
প্রশাসনিক মহলের মতে, ঘোষিত পরিকল্পনাগুলি সঠিকভাবে বাস্তবায়িত হলে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
COMMENTS